
নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে এক আবুধাবিপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বকশিনগর গ্রামের প্রবাসী মো. নেছার আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নেছার আহমেদের বাড়িতে আসে। তাদের মধ্যে সাতজন অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তিনজনের পরনে ছিল সেনাবাহিনীর পোশাকের আদলে তৈরি পোশাক। দলের অন্য সদস্যরা বাড়ির বাইরে অবস্থান নেয়।
পরে ডাকাত দলের সদস্যরা নেছার আহমেদের স্ত্রী নুরজাহান বেগম ও ছেলে রায়হান হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা বাড়ি থেকে চার জোড়া কানের দুল, দুটি স্বর্ণের চেইন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
নগদ টাকা লুটের পরিমাণ নিয়ে প্রাথমিক তথ্যে কিছুটা অমিল রয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ৪৮ হাজার ৫০০ টাকার কথা বলা হলেও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ৪৫ হাজার ৫০০ টাকা লুট হয়েছে।
এদিকে স্থানীয় লোকজন ঘটনাটি টের পেয়ে এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে আসামি গ্রেপ্তারের জন্য আসার কথা জানায়। এতে স্থানীয়রা প্রথমে সরে যান। পরে বাড়ির আশপাশে লোকজন জড়ো হতে শুরু করলে ডাকাত দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো থানায় মামলা করা হয়নি। ডাকাত দলের সদস্যরা চার জোড়া কানের দুল, দুটি স্বর্ণের চেইন ও নগদ ৪৫ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে।
ওসি আরও জানান, ডাকাত দলের সদস্যরা সেনাবাহিনীর প্রকৃত পোশাক পরেনি; তাদের কয়েকজন সেনাবাহিনীর পোশাকের আদলে তৈরি পোশাক পরেছিল।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত করছে।
মন্তব্য করুন