
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাইয়ের গান পরিবেশন ও মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দসহ উপস্থিত সবাই সমস্বরে ‘জুলাইয়ের গান’ পরিবেশন করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী, জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল হাসান এবং সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম।
কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতি ধারণ ও চেতনা লালনের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।
মন্তব্য করুন