
নওগাঁ সদর উপজেলার শৈলগাছী এলাকায় বিকাশ প্রতিনিধির কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে জনতার সহায়তায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (০৫ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে শৈলগাছী এলাকায় চলন্ত মোটরসাইকেলে থাকা এক বিকাশ প্রতিনিধিকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায় দুই যুবক। এ সময় স্থানীয় জনগণের তাৎক্ষণিক সহযোগিতায় ঘটনাস্থল থেকে একটি গিয়ার চাকুসহ মো. অমিত হাসান মিলু (১৯), পিতা- মো. ফারুক আহমেদকে আটক করা হয়।
পরবর্তীতে নওগাঁ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে অপর অভিযুক্ত মো. আকাশ (২০), পিতা- মো. রাসেল হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুজনই আরজি নওগাঁ এলাকার বাসিন্দা এবং নওগাঁ থানা ও জেলার অধিবাসী।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গিয়ার চাকুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন