
পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত কর্মসূচিতে দলটির জেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শহরের রথখলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কালিবাড়ী মোড়সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বিএনপি রাজপথের আন্দোলনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। তারেক রহমানের নেতৃত্বে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
দেশকে অস্থিতিশীল করার যেকোনো উদ্যোগ মোকাবিলার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নৈরাজ্য সৃষ্টি কিংবা সহিংসতার মাধ্যমে সাধারণ মানুষকে আতঙ্কিত করা যাবে না। তিনি আরও বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার নস্যাৎ করার কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও বক্তব্য দেন ইয়াসের খান চৌধুরী। তিনি তাকে উদ্দেশ করে বলেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই দেশে আসার আহ্বান জানান। একইসঙ্গে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিচারের কথাও উল্লেখ করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
বক্তারা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সহিংসতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন