
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও শোষণবিরোধী সংগ্রামের আপসহীন নেতা, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে যিনি পরিচিতি পেয়েছিলেন ‘মজলুম জননেতা’ ও ‘লাল মাওলানা’ হিসেবে, উপমহাদেশের প্রগতিশীল রাজনীতিতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জন্ম ও কর্মজীবন: ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মওলানা ভাসানীর জন্ম হয়। সিরাজগঞ্জে জন্ম নিলেও তিনি তার জীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবন: ১৯১১ সালে মওলানা মোহাম্মদ আলীর সান্নিধ্যে এসে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ১৯১৭-১৮ সালে প্রবাসী সরকারের নেতৃত্বে তুরস্কের সহায়তায় ভারতবর্ষ স্বাধীন করার পরিকল্পনা নিয়ে ‘রেশমি রুমাল আন্দোলনে’ অংশ নেন এবং ১৯১৯ সালে কারাবরণ করেন। পরবর্তীতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাহচর্য লাভ করে তার স্বরাজ আন্দোলন, খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলনে যোগ দেন।
১৯২৫ থেকে ১৯২৭ সাল পর্যন্ত আসাম ও পূর্ব বাংলায় কৃষক-মজুরদের স্বার্থে সংগঠন গড়ে জমিদার ও সুদখোর মহাজনবিরোধী আন্দোলন পরিচালনা করেন। ১৯২৮ সালে কলকাতায় খিলাফত সম্মেলন এবং ১৯২৯ সালে আসামের ভাসান চরে দ্বিতীয়বারের মতো কৃষক-প্রজা সম্মেলনে যোগ দেন তিনি।
ঐতিহাসিক ভূমিকা ও অর্জন: বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ভাসানী ১৯৩৬ সালে কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগ দেন এবং আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি হন। ১৯৩৭ সালে আসামে কুখ্যাত ‘লাইন প্রথা’বিরোধী আন্দোলন করেন এবং আসাম প্রাদেশিক পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন। ১৯৪৭ সালের ৫ মার্চ আসামে ঐতিহাসিক আন্দোলনের ডাক দিয়ে পরবর্তীতে বাংলাদেশে ফিরে আসেন। ১৯৪৮ সালের ১৭ মার্চ পূর্ব বাংলার ব্যবস্থাপক সভায় সাহসিকতার সাথে বাংলা ভাষার পক্ষে অবস্থান নেন।
১৯৪৯ সালের ২৩ জুন ‘আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠা করে এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫৫ সালের ১৫ জুন পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে ঐতিহাসিক পল্টন ময়দানে জনসভা করেন। এরপর ১৯৫৭ সালের ৬ থেকে ১১ ফেব্রুয়ারি ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানের উদ্দেশে বিখ্যাত ‘আসসালামু আলাইকুম’ ঘোষণা দেন। একই বছরের মার্চ মাসে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে আওয়ামী লীগ ত্যাগ করেন এবং ২৬ জুলাই ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠা করেন।
মন্তব্য করুন