
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড সংলগ্ন মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদক কারবারের নানা আলামত ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ভূরুঙ্গামারী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, হোটেলটির ম্যানেজার মো. রাকিবুল ইসলাম সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে হোটেলে অবস্থানরত মাদক কারবারিদের কাছে সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। অভিযানের দিন সকালে ৭ হাজার পিস ইয়াবার একটি চালান ঢাকায় আসা এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে বলেও তদন্তে তথ্য পাওয়া যায়। তবে অভিযানের সময় রাকিবুল পালিয়ে যান।
পুলিশ আরও জানায়, হোটেলের বিভিন্ন কক্ষে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। মাদক কারবারের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
অভিযানকালে আটক মো. আবু বক্কর (২০)কে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং মো. আলমগীর হোসেন (৩৯)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মুগ্ধ আবাসিক হোটেলের ওপর বেশ কিছুদিন ধরে নজরদারি করা হচ্ছিল। ইয়াবার বড় একটি চালান হাতবদলের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মাদক কারবারের আলামত পাওয়া গেছে। পলাতক ম্যানেজার রাকিবুলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন