
বগুড়ার আদমদীঘি উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন নারী রয়েছেন। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মাদক মামলার এজাহারভুক্ত আসামি উপজেলার নসরতপুর কলেজপাড়া এলাকার সাগর হোসেনের ছেলে মো. নয়ন হাসান (২২)-কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। একই অভিযানে চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর দক্ষিণপাড়া এলাকার আনছার আলীর ছেলে মো. রায়হান আলী আলামিন (৩৫) এবং নওগাঁ সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত ইউসুফ আলী প্রামানিকের ছেলে মো. মিন্টু আলী প্রামানিক (২৭)-কে আটক করা হয়। মিন্টু আলী প্রামানিকের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া পৃথক অভিযানে বিভিন্ন জিআর (জেনারেল রেজিস্টার) মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— নসরতপুর ইউনিয়নের শাওইল লেকেরচরা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. মিন্টু (৩৪), ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের লোকমান আলী সরকারের ছেলে মাহবুব আলম পাপ্পু ওরফে পরাগ (৩৬), সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে আলমগীর হোসেন (৩৫), আমবারিয়া গ্রামের প্রহল্লাদ বর্মনের ছেলে পাবন চন্দ্র বর্মন (৩১), রেলওয়ে ইয়ার্ড কলোনির শামীম হোসেন (৩৩), সান্তাহার ইউনিয়নের উৎরাইল গ্রামের আলমগীর হোসেন, চাঁপাপুর ইউনিয়নের হরিণমারা গ্রামের রুবিয়া বেওয়া, কাল্লাগাড়ি গ্রামের লায়লা আরজুমা মিলি, পাথরকুটা মহল্লার জহুরা বেগম এবং ছোট আখিড়া গ্রামের ফাতেমা বিবি (৪৪)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ১৩ আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন