
শহীদ শরিফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের অন্যতম আসামি ফয়সালকে ভারত থেকে দ্রুত বাংলাদেশে এনে বিচারের আওতায় আনার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে “মঞ্চ ২৪”।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৩টা ১৫ মিনিট থেকে ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন-এর সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ফয়সালকে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী প্রায় দুই সপ্তাহ আগে গ্রেপ্তার করলেও এখনো তাকে বাংলাদেশে হস্তান্তর করা হয়নি। এতে বিচারপ্রক্রিয়া বিলম্বিত হচ্ছে এবং জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে ফয়সালকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
মঞ্চ ২৪-এর আহ্বায়ক একরামুল হাসান ফাহিম ফরাজী বলেন, “শহীদ ওসমান হাদীর হত্যাকারী ফয়সালকে গ্রেপ্তার করা সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এখন সবচেয়ে জরুরি বিষয় হলো তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, ফয়সাল ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা দ্রুত প্রতিরোধ করা প্রয়োজন।
সংগঠনটির উপদেষ্টা লে. কর্নেল (অব.) ফেরদৌস আজিজ বলেন, “শহীদ ওসমান হাদী শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি একটি আন্দোলনের প্রতীক এবং আধিপত্যবাদবিরোধী চেতনার ধারক।” তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে কাজ করতে হবে। একইসঙ্গে তিনি দ্রুত ফয়সালকে দেশে এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
সংগঠনের সদস্য ইসরাত করিম বলেন, “হত্যাকারীরা বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে এবং শহীদ ওসমান হাদীকে জঙ্গি হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে, যা অত্যন্ত নিন্দনীয়।”
তিনি আরও বলেন, দেশে নিরাপদ সড়ক নিশ্চিত না হওয়ায় প্রতিনিয়ত প্রাণহানি ঘটছে। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে অল্প পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই একটি প্রাণের যথাযথ মূল্যায়ন নয়। তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনের ফিটনেস পরীক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের আরেক সদস্য ড. জাহিদ বলেন, “ফয়সাল গ্রেপ্তার হওয়া প্রশংসনীয় হলেও ১৪ দিন পেরিয়ে যাওয়ার পরও তাকে দেশে ফিরিয়ে আনা না হওয়া উদ্বেগজনক।”
তিনি বলেন, শহীদ ওসমান হাদী দেশের একটি বিপ্লবী চেতনার প্রতীক এবং তাকে নিয়ে বিদেশি গণমাধ্যমে অবমাননাকর মন্তব্য দেশের জনগণের জন্য অসম্মানজনক। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, আর কোনো বিলম্ব না করে দ্রুত ফয়সালকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন