
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রোকন ইসলাম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তালগাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শশীধরপুর-স্বরূপপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকন ইসলাম দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি ডিস কেবল লাইনে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলের উদ্দেশে রওনা হন রোকন। শশীধরপুর-স্বরূপপুর সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে রোকনের অকাল মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন