
বরগুনায় ঝড়ে পুকুরে ছিড়ে পড়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়। বুধবার ১০জুন দুপুরে বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা এলাকার রায়ভোগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রায়ভোগ এলাকার মোঃ মিরাজের স্ত্রী নুপুর আক্তার (৩০) ও তার দুই বছর বয়সী ছেলে শাহাদাত।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, মঙ্গলবার ৯জুন রাতের ঝড়ে গাছ উপড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়ে। বিষয়টি কারো দৃষ্টিগোচর হয়নি। পরের দিন বুধবার ১০জুন দুপুরে কোন এক সময় মা- নুপুর ও তার শিশু সন্তান শাহাদাত পুকুরে গোসল করতে নামে। পরে বিকেল তিনটার দিকে বিদ্যুৎ অফিসের লোকজন বৈদ্যুতিক তার মেরামত করতে গেলে পুকুর থেকে বিদ্যুৎ এর তার উঠাতে গেলে তারে আটকানো নুপুর ও শাহাদাতের মরদেহ দেখতে পান। পরবর্তীতে স্বজনরা পুকুরে মা-ছেলের মরদেহ দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দু’টি উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
তবে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মাসুদুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে।
বরগুনা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আলিম জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে বরগুনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।
মন্তব্য করুন