
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় ওয়াদ মালিথা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলে থাকা তিন আরোহীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াদ মালিথা ওই গ্রামের মৃত আদু মালিথার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে রাস্তার পাশে বসে ছিলেন ওয়াদ মালিথা। এ সময় খলিশাকুন্ডির দিকে যাচ্ছিল একটি ডিসকভার মোটরসাইকেল। এতে চারজন আরোহী ছিলেন। দ্রুতগতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ওই বৃদ্ধকে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মোটরসাইকেলের চালক আলামিন (১৭) পালিয়ে যান। পরে স্থানীয়রা মোটরসাইকেলে থাকা অপর তিন আরোহী রাব্বি (১৬), হুসাইন (১৭) ও মুরসালিন (১৬)কে আটক করে পুলিশে সোপর্দ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক তিনজনের বাড়ি পার্শ্ববর্তী ভেড়ামারা এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, একটি মোটরসাইকেলে চার অপ্রাপ্তবয়স্কের চলাচল এবং বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আটক তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটক তিনজন পুলিশ হেফাজতে রয়েছে। মোটরসাইকেলের চালক আলামিনকে আটকের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন