
বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন ‘নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)’ নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন কার্যনির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বগুড়ার মুজাহিদুল ইসলাম শিব্বীর। তিনি একুশে টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত।
বুধবার (১১ নভেম্বর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংগঠনের নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাবেক ও বর্তমান সংবাদ উপস্থাপকেরা ভোটাধিকার প্রয়োগ করেন।
এনবিএ ২০২৬-২০২৮ মেয়াদের কমিটিতে নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম শিব্বীর একুশে টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক। তিনি দীর্ঘ ১৬ বছর টেলিভিশন উপস্থাপক হিসেবে কাজ করছেন। দীপ্ত, ইন্ডিপেন্ডেন্টসহ দেশের কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দায়িত্বশীল উপস্থাপনায় প্রশংসা কুড়িয়েছেন।
এনবিএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হন মোহনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার জাভেদ কারদার ও সাধারণ সম্পাদক হয়েছেন এনটিভির রাইসুল হক চৌধুরী। নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি জিটিভির শারমিন ইফখাত শামস, সহ-সভাপতি চ্যানেল টোয়েন্টিফোরের আশিকুর রহমান তমাল, যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার রূপা নূর, সাংগঠনিক সম্পাদক এটিএন নিউজের বাবলী ইয়াসমিন, কোষাধ্যক্ষ চ্যানেল-নাইন সিনিয়র প্রেজেন্টার সাখাওয়াত সুমন, দপ্তর সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র প্রেজেন্টার মামুন উর রশীদ।
মিডিয়া, কমিউনিকেশন ও আইটি সম্পাদক হয়েছেন চ্যানেল আই’র সামীর হোসেন। গবেষণা, প্রশিক্ষণ ও আইন সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের আতিকুর রহমান আতিক, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মাইটিভির হাফিজ খন্দকার। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আরটিভির সিনিয়র প্রেজেন্টার পারভীন মিতু। নির্বাহী সদস্য হয়েছেন জিটিভির সাবেক প্রেজেন্টার সাঈদা আহমেদ ও আরটিভির সিনিয়র প্রেজেন্টার ফারজানা তানি। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মিডিয়া ব্যক্তিত্ব কাউসার মাহমুদ। ২০১১ সালে যাত্রা শুরু করে এনবিএ। প্রতিষ্ঠার পর থেকে সংবাদ উপস্থাপকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মশালা আয়োজনের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষাসহ সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিশু, বন্যাদুর্গত ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বিভিন্ন সময়ে কাজ করেছে এনবিএ।
মন্তব্য করুন