
লালমনিরহাট জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. সিরাজুল হক খন্দকার রানাকে তৃতীয়বারের মতো জেলগেট থেকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার সকালে কারামুক্তির পর কারাগারের প্রধান ফটক থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা আটক প্রক্রিয়ার ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহের চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যদের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে।
সাংবাদিকদের দাবি, দায়িত্ব পালনকালে ভিডিও ধারণে বাধা দেওয়া হয় এবং তাদের সঙ্গে অশোভন আচরণ করা হয়। এতে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
উল্লেখ্য, মো. সিরাজুল হক খন্দকার রানা লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। এর আগে জামিনে মুক্তি পাওয়ার পরও তাকে একাধিকবার জেলগেট থেকে পুনরায় আটক করা হয়েছিল।
তবে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এবং সর্বশেষ আটকের বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন