
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান হিসেবে পাওয়া ১০ লাখ টাকা অসহায়, দুস্থ ও গুরুতর অসুস্থ মানুষের মাঝে বিতরণ করেছেন।
বুধবার (২৫ মার্চ) দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আগত প্রায় ২০০ জন অসহায় নারী-পুরুষ, ক্যান্সার ও প্যারালাইসিসে আক্রান্ত রোগী, অসুস্থ শিশু এবং দরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে এমপি বাচ্চু মোল্লা বলেন, তিনি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি নন, বরং পুরো দৌলতপুরবাসীর প্রতিনিধি। তিনি বলেন, “জনগণের জন্য আমার দরজা সবসময় খোলা। যেকোনো সংকটে আমি আপনাদের পাশে থাকব এবং সমস্যায় পড়লে সরাসরি যোগাযোগ করবেন।”
তিনি রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরে বলেন, এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে দলীয় পরিচয় বিবেচনা না করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজে মানবিক মূল্যবোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মন্তব্য করুন