
চট্টগ্রামের হাটহাজারীতে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. রাজীব (২০)।
বুধবার (২৭ মে) ভোরের দিকে মিরসরাই উপজেলার খৈয়াছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ নিখোঁজ হয় ওই শিশুটি। এর দুদিন পর, ২৬ মার্চ স্থানীয় একটি তুলার গুদাম থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয় বাসিন্দারা ভেতরে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। তদন্তে নেমে পুলিশ নিশ্চিত হয়, শিশুটিকে পাশবিকভাবে ধর্ষণের পর হত্যা করে লাশ সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।
ঘটনার দিন সংলগ্ন একটি ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, মামলার প্রধান আসামি ফয়সাল ওই শিশুটিকে নিয়ে গুদামের ভেতর ঢুকছেন। তবে কিছুক্ষণ পর তাকে একাই সেখান থেকে বের হয়ে আসতে দেখা যায়। এই ঘটনার পর ২৬ মার্চ নিহতের মা বাদী হয়ে হাটহাজারী থানায় ফয়সালকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী অঞ্চল) কাজী মো. তারেক আজিজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে গ্রেপ্তার হওয়া রাজীবকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে, গত ২০ মে বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের টংক পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতা ও প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রাজীব গ্রেপ্তারের মধ্য দিয়ে এই মামলার তদন্তে আরও বড় অগ্রগতি এলো।
মন্তব্য করুন