
রাজশাহী মহানগরীতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে নগরীর ছোটবনগ্রাম এলাকায় অবস্থিত আলামিন ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিকে বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও পাউরুটি উৎপাদন এবং বিক্রি-বিতরণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন