
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গৃহবধূ হালিমা আক্তার মুন্নির (২১) রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি স্বামী মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। সোমবার (১১ মে) রাত পৌনে ৯টার দিকে নগরীর চকবাজার থানার আধুনিক চক সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবরে উপজেলার বরৈয়া গ্রামের মিজানুর রহমানের সঙ্গে হালিমা আক্তার মুন্নির বিয়ে হয়। তাদের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ ও পারিবারিক বিরোধের জেরে মুন্নির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলত বলে অভিযোগ পরিবারের। ইতিপূর্বে এই বিবাদ মীমাংসার জন্য একাধিকবার সামাজিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।
মুন্নির স্বজনদের দাবি, শ্বশুরবাড়ির অব্যাহত নির্যাতনের কারণে তারা কিছুদিন ভাড়া বাসায় থাকলেও সম্প্রতি শ্বশুরের অসুস্থতার অজুহাতে তাকে পুনরায় বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। গত ১০ মে ভোরে মিজানুর রহমান ফোনে মুন্নির পরিবারকে আত্মহত্যার খবর দেন। তবে পরিবারের সদস্যরা গিয়ে ঘরের চালের বিমের সাথে ঝুলন্ত লাশের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পান। তাদের অভিযোগ— মুন্নিকে শ্বাসরোধ করে হত্যা করার পর আত্মহত্যার নাটক সাজাতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল।
এই ঘটনায় মুন্নির বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”
মন্তব্য করুন