
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ এবং সাক্ষাৎ-পরবর্তী প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভাগের এক অভিযুক্ত অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে দীর্ঘসূত্রিতা ও বিলম্ব হওয়ায় তারা উপাচার্যের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে বাধ্য হন। তাদের দাবি, এ ধরনের গুরুতর অভিযোগের ক্ষেত্রে দ্রুত ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব।
সাক্ষাৎ শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের আশ্বস্ত করেছেন যে, আগামী ৭ মে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উক্ত তদন্ত প্রতিবেদন উপস্থাপন ও প্রকাশ করা হবে। তারা বলেন, প্রশাসনের এই আশ্বাসকে ইতিবাচকভাবে দেখছেন, তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা আরও বলেন, ক্যাম্পাসে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হলে অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মন্তব্য করুন