
সারাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ঢাকা মহানগর পশ্চিমের অধীন মোহাম্মদপুর পূর্ব থানা শাখা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুরের বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। পরে শিয়া মসজিদ ও টাউনহল বাজার এলাকা প্রদক্ষিণ করে আল্লাহ করীম মার্কেটের সামনে গিয়ে কর্মসূচি শেষ হয়।
মোহাম্মদপুর পূর্ব থানা শাখার সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মুহাম্মদ আদনান রাফি।
প্রধান অতিথির বক্তব্যে আদনান রাফি আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত নৈরাজ্য ও সহিংসতার অভিযোগের প্রতিবাদ জানান। তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুশফিকুর রহমান, বায়তুলমাল সম্পাদক শামীম আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক রবিউল আলম, সমাজকল্যাণ সম্পাদক কাউসার আহমদ এবং স্কুল-কলেজ সম্পাদক মারুফ আহমদ তাজ।
এ ছাড়া মোহাম্মদপুর পূর্ব থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
মন্তব্য করুন