
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্টের ১১১ সদস্য ঢাকা ছেড়েছেন। বুধবার (৪ নভেম্বর) জাতিসংঘের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তারা কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, কঙ্গোতে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর ইউটিলিটি এভিয়েশন ইউনিটের মোট ১৩৫ সদস্যের কন্টিনজেন্ট প্রতিস্থাপনের কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ১১১ জন সদস্য দেশ ছেড়েছেন। পর্যায়ক্রমে নতুন কন্টিনজেন্টের মাধ্যমে সেখানে দায়িত্ব পালনরত সদস্যদের প্রতিস্থাপন করা হবে।
নতুন কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান। তিনি এর আগে কঙ্গোতে দায়িত্ব পালনরত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের অর্জিত সুনাম ও পেশাদারিত্বের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
শান্তিরক্ষীদের বিদায় জানাতে বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১ নভেম্বর বিমান বাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী সদস্যদের উদ্দেশে ব্রিফিং দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান। পাশাপাশি কন্টিনজেন্টের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতেও অংশ নেন তিনি।
মন্তব্য করুন