
নোয়াখালীর চাটখিল উপজেলায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অকটেন জব্দ করেছে চাটখিল থানা পুলিশ। এ সময় অবৈধভাবে অকটেন মজুদ ও পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চাটখিল থানার একটি বিশেষ টিম উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ২৮৭ লিটার অকটেন জব্দ করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ আব্দুল্লাহ (৫৫), পিতা: আব্দুল কাইয়ুম এবং মোঃ নাসিরউদ্দিন (৩৮), পিতা: মোঃ এনায়েত উল্লাহ। তারা উভয়েই মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে অকটেন সংগ্রহ ও সংরক্ষণ করছিলেন। তবে এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।
তিনি আরো জানান , অবৈধ জ্বালানি তেল মজুদ ও বিপণনের বিরুদ্ধে চাটখিল পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন