
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সংঘটিত হামলায় আহতদের দেখতে শুক্রবার (৩১ জুলাই) রাতে কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ। এ সময় তারা চিকিৎসাধীন আহত নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি ড. আতিক মুজাহিদ বলেন, “আমরা এখন কুড়িগ্রামের যে রাজনীতি দেখছি, এই সহিংস রাজনীতি কুড়িগ্রামের নয়। কুড়িগ্রামের মানুষ শান্তিপ্রিয়, তারা সন্ত্রাসীদের বয়কট করবে।”
তিনি আরও বলেন, “আমরা পেশীশক্তির রাজনীতিতে বিশ্বাসী নই, জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী। হামলার ঘটনায় জড়িতদের আইনের কাছে জবাবদিহি করতে হবে।” আইনের শাসনের ওপর আস্থা রেখে তিনি বলেন, “দেশের আইন অবশ্যই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান স্বপ্ন সরকার, জেলা সেক্রেটারিসহ জেলা এনসিপি ও ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জেলা আমির আজিজুর রহমান স্বপ্ন সরকার হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, হামলায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক গুরুতর আহত হয়েছেন এবং কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হবে।
এদিকে স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। হামলার সময় দায়িত্ব পালনরত এক সংবাদকর্মীর ওপরও হামলা চালিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
নেতৃবৃন্দ কুড়িগ্রামে সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “সম্প্রীতির কুড়িগ্রামে কোনো ধরনের সন্ত্রাস ও সহিংস রাজনীতির স্থান নেই। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
মন্তব্য করুন