
দুর্বলতা, মাথা ঘোরা, অল্প কাজেই ক্লান্ত হয়ে পড়া কিংবা শ্বাসকষ্ট এ ধরনের উপসর্গ অনেক সময় রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার লক্ষণ হতে পারে। অনেকেই এ সমস্যা দূর করতে নিয়মিত ডালিম খাওয়া শুরু করেন। তবে চিকিৎসকদের মতে, শুধু ডালিম নয়, শরীরে রক্ত তৈরির জন্য প্রয়োজন আয়রন, ভিটামিন বি-১২, ফলিক অ্যাসিড, প্রোটিন ও ভিটামিন সি-সমৃদ্ধ সুষম খাদ্য।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, রক্তস্বল্পতার ক্ষেত্রে শুধু একটি খাবারের ওপর নির্ভর না করে প্রথমে কারণ নির্ণয় করা জরুরি। আয়রনের ঘাটতি থাকলে খাদ্যাভ্যাসের পাশাপাশি প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হয়।
American Medical Association (AMA)-কে দেওয়া ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের এক সাক্ষাৎকারে হেমাটোলজিস্ট ডা. নিলেশ কেলকার বলেন, আয়রনসমৃদ্ধ খাবারের পাশাপাশি ভিটামিন সি-সমৃদ্ধ খাবার খেলে শরীর আয়রন আরও ভালোভাবে শোষণ করতে পারে। তাই শুধু একটি খাবারের ওপর নির্ভর না করে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলাই রক্তস্বল্পতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ।
রক্ত তৈরিতে উপকারী খাবার

বিশেষজ্ঞরা বলছেন, ডালিম একটি পুষ্টিকর ফল হলেও এটি একাই রক্ত বাড়ায় এমন ধারণার শক্ত বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং ডালিমসহ ভিটামিন সি-সমৃদ্ধ ফল আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে খেলে শরীর সেই আয়রন আরও ভালোভাবে ব্যবহার করতে পারে।
এছাড়া আয়রনসমৃদ্ধ খাবার খাওয়ার পরপরই চা বা কফি পান না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কারণ, চা ও কফিতে থাকা কিছু উপাদান শরীরে আয়রন শোষণ কমিয়ে দিতে পারে।
দীর্ঘদিন ধরে দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া বা হিমোগ্লোবিন কম থাকার লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে CBC, Serum Ferritin, Vitamin B12 ও Folate পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন