
বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৬ উপলক্ষে ফিজিওথেরাপিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব)-এর উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস ছালাম হলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এবারের বিশ্ব ফিজিওথেরাপি দিবসের প্রতিপাদ্য— “হৃদরোগ এবং স্ট্রোকের প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং পুনর্বাসনে ফিজিওথেরাপি এবং শারীরিক কার্যকলাপের ভূমিকা”।
অনুষ্ঠানে হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ, চিকিৎসা-পরবর্তী ব্যবস্থাপনা এবং পুনর্বাসনে ফিজিওথেরাপি ও নিয়মিত শারীরিক কার্যকলাপের গুরুত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজনীয়তা ও এর ব্যাপকতা সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে রয়েছেন—সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. এম এ মুকিত এমপি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
আলোচনা সভা শেষে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। র্যালিতে ফিজিওথেরাপিস্টসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করবেন।
মন্তব্য করুন