
সাভারের আমিনবাজারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছোট ছেলে গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আমিনবাজারের বড়দেশি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম মো. আলতাফ হোসেন (৫৮)। তিনি ঢাকার মালিবাগে এসবির কার্যালয়ে উপপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হামলায় আহত তাঁর ছেলে আরিফুল ইসলাম (২৬) বর্তমানে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে ব্যক্তিগত গাড়ি রাখা নিয়ে আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফুলের সঙ্গে কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। প্রায় ১০ থেকে ১৫ জন ব্যক্তি তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলায় আলতাফ হোসেন ও তাঁর ছেলে গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ৯টার দিকে তাঁদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি পারভীন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন। মামলার পর জহিরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমিনবাজারের বড়দেশি এলাকায় এসবির এক সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন