
কুষ্টিয়া সদর উপজেলায় জমিতে সার প্রয়োগ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তোফাজ্জল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের তেঘরিয়া মাঠে এ ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল হোসেন সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মান্নান প্রধানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বর্গা নেওয়া ধানখেতে সার প্রয়োগ শেষে বাড়ি ফিরছিলেন তোফাজ্জল হোসেন। তেঘরিয়া মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় আরও দুজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
আলামপুর পুলিশ ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বজ্রপাতের কারণেই তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন