
সমুদ্রের অবিরাম ভাঙনে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে বাবার কবর। হয়তো আর কিছুক্ষণ পরই কবরটির অস্তিত্ব মুছে যাবে ঢেউয়ের তোড়ে। এরপর আর কখনো প্রিয় বাবার কবরের সামনে দাঁড়িয়ে জিয়ারত করার সুযোগ থাকবে না। সেই আশঙ্কা থেকেই কবরটি পুরোপুরি হারিয়ে যাওয়ার আগে শেষবারের মতো সেখানে দাঁড়িয়ে জিয়ারত করছেন এক ছেলে। হৃদয়স্পর্শী এই দৃশ্য যেন তুলে ধরেছে প্রিয়জন হারানোর বেদনা আর প্রকৃতির কাছে মানুষের অসহায়ত্ব।
সমুদ্র ও উপকূলের জীবন, প্রকৃতি এবং সংকটের নানা চিত্র নিয়ে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ‘Waves of Life’-এ স্থান পেয়েছে আবেগঘন এই আলোকচিত্র।
ছবিটিতে ফুটে উঠেছে সমুদ্রভাঙনের নির্মম বাস্তবতা। যে কবর একসময় প্রিয় বাবার স্মৃতি আঁকড়ে ধরে রেখেছিল, সেটিও আজ প্রকৃতির ভাঙনের মুখে বিলীন হওয়ার পথে। কবরটি হারিয়ে যাওয়ার আগে শেষবারের মতো জিয়ারতের এই মুহূর্ত দর্শকদের মনে নাড়া দিচ্ছে গভীরভাবে।
সমুদ্রভাঙন শুধু ঘরবাড়ি, জমি কিংবা বসতভিটাই কেড়ে নেয় না; কখনো কখনো মুছে দেয় মানুষের স্মৃতি, আবেগ ও প্রিয়জনের সঙ্গে জড়িয়ে থাকা শেষ আশ্রয়টুকুও। ‘Waves of Life’ প্রদর্শনীর এই আলোকচিত্র সেই নির্মম সত্যকেই নতুন করে সামনে এনেছে।
মন্তব্য করুন