
বগুড়ার শেরপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব–১৯ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে শেরপুর সরকারি ডায়মন্ড জুবলী (ডি.জে.) উচ্চবিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এস.আর গ্রুপের সহযোগিতায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সম্রাট সরকার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়স অবশ্যই অনূর্ধ্ব ১৯ বছর হতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রত্যেক খেলোয়াড়ের নিজ নিজ ইউনিয়নের অনলাইন জন্মনিবন্ধনের কপি থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে খানপুর ইউনিয়ন ও গাড়ীদহ ইউনিয়ন এবং দ্বিতীয় ম্যাচে সীমাবাড়ী ইউনিয়ন ও খামারকান্দি ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করে। আগামী ৬ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।
মন্তব্য করুন