
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল, উসকানিমূলক বক্তব্য এবং দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন অপচেষ্টার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টায় দৌলতপুর উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বৃহত্তর কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্দেশনায় র্যালিটি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ র্যালিতে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম রেজা মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ বিলাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শামীম রেজা মোল্লা।
তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে রাজনীতি করে। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।”
তিনি আরও বলেন, “দৌলতপুরে বিএনপি আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে নেতাকর্মীরা গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
শামীম রেজা মোল্লা বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি উসকানিমূলক কর্মকাণ্ড, নাশকতা কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে। বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।”
নেতৃবৃন্দ বলেন, হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ র্যালি দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি, ঐক্য এবং জনসম্পৃক্ততার একটি বড় প্রদর্শন। দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও জননিরাপত্তার প্রশ্নে বিএনপি সবসময় সতর্ক, ঐক্যবদ্ধ এবং আপসহীন অবস্থানে থাকবে বলেও তারা উল্লেখ করেন।
মন্তব্য করুন