
ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে গ-ণধ-র্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ জুন) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজারের পাশের একটি গুদামে (গোডাউন) এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কিশোরীর প্রেমিকসহ তিন যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, কালিতলা এলাকার তামিম ইসলাম (২২), রনি (২১) ও মাসুদ (২২)। পুলিশ জানায়, তামিম ওই এলাকার মো. আনারুলের ছেলে, রনি মিন্টুর ছেলে এবং মাসুদ মজিদুর রহমানের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার মায়া (রূপক নাম) (১৫) সঙ্গে গত প্রায় এক সপ্তাহ আগে কালিতলার আনারুলের ছেলে তামিম ইসলামের পরিচয় হয়। গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে মায়াকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে আসেন তামিম। এরপর ঠাকুরগাঁও শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে রাত আনুমানিক ১১টার দিকে কালিতলা বাজারের পাশে ‘ঘষমিন্টুর গোডাউন ঘরে’ মেয়েটিকে নিয়ে যাওয়া হয়।
সেখানে তামিম ও তার দুই বন্ধু রনি ও মাসুদ মিলে রাতভর ওই কিশোরীকে পালাক্রমে ধ-র্ষণ করেন। পরবর্তীতে রাত তিনটার দিকে পুলিশের একটি নিয়মিত টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পায় এবং অভিযুক্ত তিনজনকে আটক করে। আজ রোববার (১৪ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে মেয়েটিকে ওই গুদাম থেকে আশঙ্কাজনক ও অসুস্থ অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ঠাকুরগাঁওয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন পুলিশ সদস্যরা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, আটককৃত তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
মন্তব্য করুন