
উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া সাম্প্রতিক সময়ে একের পর এক চাঞ্চল্যকর, হৃদয়বিদারক ও উদ্বেগজনক ঘটনায় যেন অস্থির জনপদে পরিণত হয়েছে। দেহ ব্যবসা থেকে মাদক বিস্তার, প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহ অপরাধ, সামাজিক অবক্ষয় ও মানবিক সংকটে জনজীবনে নেমে এসেছে অদৃশ্য চাপ ও অনিশ্চয়তা। মাদকের বিষ এখন গলির মোড়ে মোড়ে। সিগারেটের ধোঁয়া থেকে শুরু করে ইয়াবার মরণনেশা গ্রাস করছে যুবসমাজকে। জেলার বিভিন্ন উপজেলা ও শহরজুড়ে ঘটে যাওয়া এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বাড়ছে যেমন আতঙ্ক, তেমনি বাড়ছে ক্ষোভ ও হতাশা।
কয়েক দিনের ব্যবধানে গাবতলীর লাঠিগঞ্জ বাজারে কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া একটি বিশাল বটগাছের নিচে চাপা পড়ে প্রাণ হারান ব্যবসায়ী উমা চন্দ্র। পরদিনই শহরের জামিলনগরে একটি খেজুরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। একই সময়ে সোলারতাইর গ্রামে বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে আগুন লেগে কিশোরী শশী আক্তারের মৃত্যু এবং আদমদীঘিতে ট্রাকচাপায় কর্মকর্তা আলমগীর কবির নিহত হওয়ার ঘটনা মানুষকে নাড়া দিয়েছে। শেরপুরে পুকুরে ডুবে ২ বছরের শিশু সুরাইয়ার মৃত্যু আবারও অভিভাবকদের সচেতনতার প্রশ্ন তুলেছে।
অন্যদিকে অপরাধের চিত্র যেন আরও ভয়াবহ হয়ে উঠেছে। শিবগঞ্জে রাজমিস্ত্রি শাহ আলমকে জবাই করে হত্যা, মোকামতলায় জমিজমা বিরোধে দুই চাচাতো ভাই নিহত, দুপচাঁচিয়ায় সালিশ বৈঠকে সংঘর্ষে মানিক মিয়ার মৃত্যু – এসব ঘটনা পারিবারিক ও সামাজিক দ্বন্দ্বের ভয়ঙ্কর রূপ তুলে ধরেছে। একইভাবে শেরপুরে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক চোরের মৃত্যু, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাই নয় কি?
নারী ও শিশু নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক হারে বেড়েছে। নামাজগড়ে জিন তাড়ানোর নামে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ভণ্ড কবিরাজ গ্রেফতার হয়েছে। ফুলবাড়ী এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবক আটক হয়েছে। ধুনটে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। একইসঙ্গে লোকলজ্জার ভয়ে নবজাতক হত্যা, এমন নির্মম ঘটনাও ঘটেছে জেলায়।
মাদক ও সংঘবদ্ধ অপরাধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ একাধিক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শিবগঞ্জে বাসে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ একজন আটক হয়েছে। ডিবি পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার এবং চোরচক্রের সদস্যদের আটকের ঘটনা ঘটলেও অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না বলে অভিযোগ রয়েছে। ঈদকে সামনে রেখে পকেটমার ও ছিনতাইকারীদের তৎপরতায় সাধারণ মানুষের উদ্বেগ দ্বিগুণ আকার ধারণ করেছে।
চুরি, ডাকাতি ও সম্পদ লুণ্ঠনের ঘটনা যেন নিত্যদিনের বাস্তবতা। গাবতলীতে গ্রিল কেটে স্বর্ণালংকার চুরি, নন্দীগ্রামে ২০ লাখ টাকা চুরি, শহরে মোটরসাইকেল ও মিনিবাস চুরি – এসব ঘটনায় জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একইসঙ্গে বারোপুর এলাকায় পরিত্যক্ত বাড়িতে দেহ ব্যবসা নামক অসামাজিক কার্যকলাপের অভিযোগ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
এদিকে, মানবিক সংকটও দিন দিন প্রকট হয়ে উঠছে। পারিবারিক কলহ ও মানসিক চাপে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপানে এক ব্যবসায়ীর ছেলের মৃত্যু সামাজিক বাস্তবতার এক করুণ চিত্র তুলে ধরেছে। নন্দীগ্রামে টিকটকের প্রেমের জেরে সংঘর্ষের ঘটনাও দেখিয়েছে, আধুনিক যোগাযোগ মাধ্যম কীভাবে নতুন ধরনের সামাজিক সংকট তৈরি করছে।
প্রশাসনিক ক্ষেত্রেও রয়েছে নানা চ্যালেঞ্জ। শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিন বেতন বকেয়া, দুর্নীতির অভিযোগ এবং সেবার ঘাটতি জনদুর্ভোগ বাড়িয়েছে। অন্যদিকে মহাস্থানগড়ে প্রত্নসম্পদ পাচারের চেষ্টা প্রশাসনের নজরদারির প্রয়োজনীয়তা নতুন করে সামনে এনেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকলেও স্থায়ী সমাধানের ক্ষেত্রে এখনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেবলমাত্র অভিযানের মাধ্যমে সাময়িকভাবে অপরাধ দমন সম্ভব হলেও এর মূল কারণগুলো চিহ্নিত করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করলে পরিস্থিতির স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। তাই অপরাধ প্রতিরোধে গোড়ার দিকে নজর দিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রশাসনিক জবাবদিহিতা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণকে সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সচেতন মহলের মতে, বগুড়ার সাম্প্রতিক ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি একটি বৃহত্তর সামাজিক ও প্রশাসনিক সংকটের বহিঃপ্রকাশ। দুর্যোগ, অপরাধ ও সহিংসতার এই ধারাবাহিকতা ইঙ্গিত দিচ্ছে যে, স্থানীয় পর্যায়ে প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তদারকির ঘাটতি রয়েছে। তারা মনে করেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।
মন্তব্য করুন