
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমির মালিকানা নিয়ে ব্যক্তি ও রেলওয়ের মধ্যে বিরোধের কারণে দীর্ঘ সাত বছরেও দুধকুমার নদের ওপর নির্মিত সোনাহাট সেতুর সংযোগ সড়কের কাজ শুরু করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে সেতুর সংযোগ সড়ক নির্মাণের জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সেতু এলাকা সরেজমিন পরিদর্শন করেন সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের অধীনে ২০১৯ সালে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা চুক্তিমূল্যের সেতু ও সংযোগ সড়কের নির্মাণকাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে ২০২৬ সালেও সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। মূল সেতুর কাজ শেষ পর্যায়ে থাকলেও ভূমি জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন সেতুর পূর্ব প্রান্তে প্রায় ৬ একর জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। স্থানীয় ব্যক্তিরা জমিটি নিজেদের ব্যক্তিমালিকানাধীন বলে দাবি করছেন। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় দপ্তর জমিটির মালিকানা রেলওয়ের বলে দাবি করে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে।
একই জমির মালিকানা ব্যক্তি ও রেলওয়ে উভয় পক্ষ দাবি করায় আটকে গেছে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া। বিষয়টি নিয়ে আন্তমন্ত্রণালয় পর্যায়ে একাধিকবার বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। ফলে সোনাহাট সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক নির্মাণকাজ শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
পরিদর্শনকালে সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম জানান, ভূমি অধিগ্রহণের অর্থ জেলা প্রশাসকের কার্যালয়ে জমা রয়েছে। জমির মালিকানা নিশ্চিত করা গেলে দ্রুত অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। এ বিষয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দ্রুত সমাধানের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
তিনি আরও বলেন, বিষয়টি ইতোমধ্যে যোগাযোগমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছেন। দ্রুত ভূমি জটিলতা নিরসন করে সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজ শুরু করার দাবি জানান তিনি।
উল্লেখ্য, নতুন সোনাহাট সেতুটি চালু না হওয়ায় প্রায় দেড়শ বছরের পুরোনো মেয়াদোত্তীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থলবন্দরের পাথরবোঝাই ট্রাক, যাত্রীবাহী যানবাহন ও সাধারণ মানুষ। এতে প্রতিনিয়ত ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
মন্তব্য করুন