
বৈষম্য, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে গণআন্দোলন জোরদার এবং একটি বিপ্লবী রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী)। এ লক্ষ্যে আগামী ১৩ নভেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে দলটির তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের বামপন্থী রাজনৈতিক নেতারা অংশ নেবেন।
বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে প্রকৃত বিপ্লবী রাজনৈতিক দল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাসদ (মার্কসবাদী) কাজ করছে। বৈষম্য, অন্যায় ও অবিচারমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একটি সঠিক বিপ্লবী রাজনৈতিক নেতৃত্বের অধীনে গণআন্দোলন গড়ে তোলা জরুরি। তা না হলে বিচ্ছিন্ন আন্দোলনের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জন সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
দলীয় সূত্রে জানানো হয়, কনভেনশনে কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, নারী, বিভিন্ন জাতিসত্তা ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন।
এতে আন্তর্জাতিক অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ, পাকিস্তানের আওয়ামী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড পারভেজ জাহিদ, শ্রীলঙ্কার ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক কমরেড পুবুদু জয়াগোদা এবং নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নরেন্দ্র বাহাদুর সিংয়ের। এছাড়া নেপালের বামপন্থী বুদ্ধিজীবী কুমার উপাধ্যায়েরও অংশ নেওয়ার কথা রয়েছে।
আয়োজকদের কর্মসূচি অনুযায়ী, ১৩ নভেম্বর দুপুর আড়াইটায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র্যালি বের করা হবে। বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হবে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরদিন ১৪ নভেম্বর বিকেল ৩টায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। ‘The Impact of People’s Spontaneous Movement and Uprisings in Resisting Fascism’ শীর্ষক সেমিনারে বিদেশি অতিথিরা অংশ নেবেন। ১৫ ও ১৬ নভেম্বর একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে দলের প্রতিনিধি সভা।
সংবাদ সম্মেলনে ছয় দফা দাবিও তুলে ধরে দলটি। দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার, স্বাধীন গুম কমিশন ও মানবাধিকার কমিশন গঠন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা।
এছাড়া সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও কর্মসংস্থানের অধিকার প্রতিষ্ঠা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়।
দলটি আরও দাবি করেছে, বিকল্প ব্যবস্থা ছাড়া হকার, রিকশাচালক ও বস্তিবাসীদের উচ্ছেদ বন্ধ করতে হবে; কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে এবং কৃষি উপকরণে পর্যাপ্ত ভর্তুকি দিতে হবে।
আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রসহ বিদেশি রাষ্ট্রের সঙ্গে করা অসম চুক্তি বাতিল, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিল এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিরোধের আহ্বান জানিয়েছে দলটি।
পাশাপাশি জ্বালানি তেল আমদানি, বিদ্যুৎ বিতরণ, রেল, পর্যটন মোটেল ও ৪৪টি রাষ্ট্রায়ত্ত কারখানা বেসরকারি খাতে ছেড়ে না দেওয়া এবং জ্বালানি খাতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি তুলে ধরেছে বাসদ (মার্কসবাদী)।
সংবাদ সম্মেলন থেকে কনভেনশনের বক্তব্য, দাবি ও কর্মসূচি দেশব্যাপী মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।
মন্তব্য করুন