
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম হৃদরোগজনিত সমস্যায় রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা ও অস্বস্তি অনুভব করেন তিনি। এর আগে টানা কয়েক দিন ধরেই বুকে অস্বস্তি হচ্ছিল তার। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর দুপুর ৩টা ৩৯ মিনিটে বহির্বিভাগে ডা. রাহাতুল ইসলামের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা শুরু হয়। পরে তার শারীরিক অবস্থা মূল্যায়নে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ইসিজি (ECG) করা হয়।
চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজী নজরুল ইসলামের আগে থেকেই হৃদরোগের সমস্যা রয়েছে এবং তার হৃদযন্ত্রে দুটি রিং বসানো হয়েছে। পুরোনো হৃদরোগের বিষয়টি বিবেচনায় রেখে বর্তমানে তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতালে তিনি ডা. মোহাম্মদ বদিউজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে গাজী নজরুল ইসলামের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
মন্তব্য করুন