
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় এক বিএনপি নেতা। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান (৩০) এবং তুমুলিয়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম মোল্লা (৪৫)। রফিকুল কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। আহতরা হলেন এসআই জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮)। জাবেদ ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে ৩টার দিকে তুমুলিয়া এলাকায় মাদক কারবারের অভিযোগে আহিদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করতে অভিযান চালায় পুলিশের একটি দল। এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে তাঁকে বাড়ি থেকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিকে নিয়ে থানায় ফেরার সময় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে গাড়ি থামিয়ে সড়কের পাশে দাঁড়ান পুলিশ সদস্য মিজানুর রহমান, জাবেদ ওমর এবং চালক রাব্বি। এ সময় ঘোড়াশালমুখী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাঁদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুর্ঘটনার পর সহকর্মীরা আহতদের উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটের দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রফিকুল ইসলাম মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিজানুর রহমান ও জাবেদ ওমরকে পরে ঢাকায় নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে মিজানুর রহমানের মৃত্যু হয়। অপরদিকে, রাব্বি প্রাথমিক চিকিৎসা নেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনায় আহত এসআই মিজানুর রহমান পরে মারা গেছেন। এসআই জাবেদ ওমর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত ও চালককে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
মন্তব্য করুন