
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে চাকরিতে আবেদন প্রত্যাশী সমন্বিত বয়সবৃদ্ধি আন্দোলনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টা ৩৫ মিনিটে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ বছর নির্ধারণ এবং সরকারি চাকরির বাইরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে আবেদনের বয়সসীমা উন্মুক্ত করার দাবি জানানো হয়।
আন্দোলনকারীদের অন্য দাবির মধ্যে রয়েছে, সব ধরনের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সঠিক উত্তর প্রকাশ এবং চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপের নম্বরপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা।
তাদের প্রস্তাব অনুযায়ী, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ বছর করতে হবে। পাশাপাশি এনটিআরসিএ, বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষায়িত ব্যাংক, এনজিও, প্রকল্প, গবেষণা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা, কারিগরি প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল, স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে চাকরির আবেদনের বয়সসীমা উন্মুক্ত রাখতে হবে।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আন্দোলনকারীরা বলেন, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকাশ করতে হবে। একই সঙ্গে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সঠিক উত্তরপত্র প্রকাশের ব্যবস্থাও রাখতে হবে।
সংবাদ সম্মেলনে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রোমান কবির, মামুনুর রশীদ, মতিউর রহমান, রাসেল আহমেদ ও শাপলা শালুক উপস্থিত ছিলেন।
চাকরিপ্রত্যাশীদের দাবি, বয়সসীমা পুনর্নির্ধারণ এবং নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হলে চাকরিপ্রার্থীরা আরও ন্যায্য প্রতিযোগিতার সুযোগ পাবেন।
মন্তব্য করুন