
মাসিক চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রদানের বিষয়ে জারি করা প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিট থেকে মিরপুর-২-এ অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ফটকের সামনে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে সংগঠনটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম নেতৃত্ব দিচ্ছেন।
কর্মসূচিতে অংশ নেওয়া অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা মাসিক চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রাপ্তির বিষয়ে জারি করা প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস, বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কুশপুত্তলিকা দাহের কর্মসূচিও পালন করা হয়েছে।
কর্মসূচিকে কেন্দ্র করে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে।
মন্তব্য করুন