
বগুড়ার ধুনটে ফুফুর বাড়িতে বেড়াতে এসে বালুয়াখালে গোসল করতে নেমে পানিতে ডুবে জান্নাতি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতি আক্তার গাবতলী উপজেলার মালিয়ান ডাঙা গ্রামের জাকির হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দাদা-দাদির সঙ্গে জান্নাতি আক্তার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সকাল ৮টার দিকে তার দাদা-দাদি বাড়ি ফিরে গেলেও জান্নাতি ফুফুর বাড়িতে থেকে যায়।
এর কিছুক্ষণ পর জান্নাতি সহপাঠীদের সঙ্গে ফুফুর বাড়ির পাশের বালুয়াখালে গোসল করতে নামে। একপর্যায়ে পানির স্রোতে সে তলিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা সহপাঠীদের একজন বিষয়টি বাড়িতে জানালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পানিতে খোঁজাখুঁজি শুরু করেন এবং ধুনট ফায়ার সার্ভিসকে খবর দেন।
স্থানীয় ফায়ার সার্ভিসে ডুবুরি দল না থাকায় রাজশাহী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আট ঘণ্টা পর জান্নাতির মরদেহ উদ্ধার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে জান্নাতির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন