
পুলিশ কোন বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বরং জনগণের বন্ধু। পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ইতোমধ্যেই পুলিশে জনবল বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ৪৩ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।
কুচকাওয়াজে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
কুচকাওয়াজ পরিদর্শনের পর পুলিশ কর্মকর্তাদের পেশাদারত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোন বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বরং জনগণের বন্ধু। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলাই লক্ষ্য। এ লক্ষ্যে ইতোমধ্যে জনবল বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশের ইউনিফর্মের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। পুলিশ সদস্যরা যাতে তাদের ঐতিহ্যবাহী যে কোনো একটি পোশাকে ফিরতে পারে, সরকারের সর্বোচ্চ মহল সেটি নিয়ে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী আমলে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সরকারের নীতি আইনের চোখে সবাই সমান, সে রাজনৈতিক কর্মী বা কৃষক যেই হোক না।’
মন্ত্রী বলেন, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। সাইবার অপরাধ দমনে পুলিশকে আরও দক্ষ হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পরে স্বরাষ্ট্র মন্ত্রী প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার দেন।
অনুষ্ঠানে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ও পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পুলিশ একাডেমিতে ২০২৫ সালের ১ মার্চ ৪৩ তম বিসিএস পুলিশ ক্যাডারের ৮০ শিক্ষানবিশ এএসপিদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। এদিকে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার। এরপর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।
মন্তব্য করুন