
বগুড়ার ধুনটে সরকারি ভর্তুকির সার অবৈধভাবে মজুতের অভিযোগে চার ব্যবসায়ীকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের দোকান থেকে ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। একই অভিযানে একটি দোকান থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশকও জব্দ করে ধ্বংস করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার মথুরাপুর ও খাদুলী চারমাথা বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের জন্য সরকারি ভর্তুকিতে বরাদ্দ দেওয়া সার নির্ধারিত নিয়মে কৃষকদের মধ্যে বিতরণের কথা। কিন্তু কয়েকজন ব্যবসায়ী ওই সার অবৈধভাবে মজুত করে রেখেছেন—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে খাদুলী চারমাথা বাজারের ব্যবসায়ী মোখলেসকে ৫০ হাজার টাকা, বেলাল হোসেনকে ৩০ হাজার টাকা এবং আব্দুল মোমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মথুরাপুর বাজারের ব্যবসায়ী মোহসিন আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে বেলাল হোসেনের দোকান থেকে ১৪ বস্তা, মোখলেসের দোকান থেকে ২৮ বস্তা, আব্দুল মোমিনের দোকান থেকে ১১ বস্তা এবং মোহসিন আলমের দোকান থেকে ২৩ বস্তা সার জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা হয় ৭৬ বস্তা সার।
এ ছাড়া আব্দুল মোমিনের দোকান থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া গেলে তা জব্দ করে পরে ধ্বংস করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম বলেন, সরকারি ভর্তুকির সার অবৈধভাবে মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের জন্য বরাদ্দ করা সার যাতে কোনোভাবেই অবৈধভাবে মজুত বা বিক্রি করা না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে।
মন্তব্য করুন