
দ্রব্যমূল্য বৃদ্ধি, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার অভিযোগ এবং সামরিক ঘাঁটি নির্মাণের কথিত উদ্যোগের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ঢাকা মহানগর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে এবং তাদের ভাষায় ‘সাম্রাজ্যবাদ ও তার দালাল লুটেরাদের স্বার্থ রক্ষার’ বিরুদ্ধে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এ ছাড়া ‘মানবিক করিডোর’, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা প্রদান এবং সামরিক ঘাঁটি নির্মাণসহ মার্কিন সাম্রাজ্যবাদের কথিত ষড়যন্ত্রের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়।
সমাবেশের আগে সংগঠনটির উদ্যোগে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগরের সভাপতি আক্তারুজ্জামান এবং সহসাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টিটুসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন