
কক্সবাজারের চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ফোন কেনাবেচা এবং আইএমইআই নম্বর পরিবর্তনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫৯টি সচল মোবাইল ফোন, ৭৫টি অচল মোবাইল ফোন ও বিভিন্ন যন্ত্রাংশ, আইএমইআই পরিবর্তনের সরঞ্জাম এবং চারটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের দিকনির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের প্রথমে চকরিয়া পৌরসভার তরছপাড়া এলাকা থেকে ওবাইদুল হাসান রাকিব (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতি মামলার লুণ্ঠিত একটি মোবাইল ফোনসহ দুটি মোবাইল উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়া নিউ মার্কেটের টেক মোবাইল শো-রুমে অভিযান চালিয়ে দোকানটির মালিক মো. শিবলু (১৯)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ছাড়া গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে হাজেরা মার্কেটের ইনফিনিটি মোবাইল হাবে অভিযান চালিয়ে আরও ৪২টি মোবাইল ফোন, ৭৫টি মোবাইলের যন্ত্রাংশ, আইএমইআই পরিবর্তনের সরঞ্জাম এবং চারটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ও পলাতক অভিযুক্তরা পরস্পর যোগসাজশে চোরাই ও ডাকাতির মোবাইল ফোন এবং ল্যাপটপ কম দামে কিনে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সেগুলোর আইএমইআই নম্বর ও সংশ্লিষ্ট তথ্য পরিবর্তন করতেন। পরে সেগুলো বেশি দামে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২ ধারা এবং দণ্ডবিধির ৪১২ ও ৪১৩ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন