
বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ধীরে ধীরে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আবহ তৈরি হচ্ছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে স্থানীয়ভাবে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি কাশিনাথ বৈরাগী। দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চরবানিয়ারী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন কাশিনাথ বৈরাগী। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নেওয়ার পাশাপাশি কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, যুবসমাজ ও প্রবীণ নাগরিকদের সঙ্গে মতবিনিময় করছেন। এসব মতবিনিময়ে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।
দীর্ঘদিন ধরে সামাজিক উদ্যোগ, ধর্মীয় অনুষ্ঠান আয়োজন, শিক্ষা সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় ভোটারদের মধ্যে তাকে নিয়ে আগ্রহ বাড়ছে বলে স্থানীয়রা মনে করছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কাশিনাথ বৈরাগী ব্যক্তিগতভাবে সহজ-সরল, বিনয়ী এবং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন। মানুষের সঙ্গে নিয়মিত কুশল বিনিময় ও গণসংযোগের কারণে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে তার প্রতি আস্থা তৈরি হয়েছে।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে কাশিনাথ বৈরাগী বলেন, “রাজনীতি আমার কাছে কোনো ব্যক্তিগত সুবিধা অর্জনের মাধ্যম নয়; এটি মানুষের সেবা করার একটি দায়িত্ব। আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সাধারণ মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে স্বচ্ছ, জবাবদিহিমূলক, পরিকল্পিত ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”
মন্তব্য করুন