
‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত ‘লীগ ধর ম্যারাথন ২০২৬’-এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (১৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এই প্রতীকী কর্মসূচি পালন করা হয়। এ সময় একটি ফাঁসির মঞ্চ, কারাগারের প্রতীকী কাঠামো এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদলে সাজানো মঞ্চ তৈরি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচির অংশ হিসেবে একটি প্রতীকী অবয়বকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে রাখা হয়। অনুষ্ঠানস্থলে জুলাই আন্দোলন ও সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিভিন্ন আলোকচিত্র ও প্রদর্শনীরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতারা দাবি করেন, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত সহিংসতা ও শিক্ষার্থীদের ওপর নিপীড়নের ঘটনার বিচার এবং দায়ীদের শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এর আগে একই দিন ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ‘লীগ ধর ম্যারাথন ২০২৬’ নামে একটি প্রতীকী ম্যারাথনের আয়োজন করে। এতে ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, কর্মসূচিতে দেওয়া বক্তব্যে আয়োজকরা ক্যাম্পাসে অতীতের সহিংস রাজনৈতিক সংস্কৃতি ও ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি না হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, জুলাইয়ের ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মন্তব্য করুন