
ঢাকার ডেমরা পুলিশ লাইন্সের বহুতল ভবনের একটি কক্ষ থেকে সাইদুল ইসলাম (২১) নামে এক তরুণ পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তিনি ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের একটি কক্ষে থাকতেন। মাত্র নয় মাস আগে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন তিনি।
নিহতের চাচা মো. সোহাগ জানান, পারিবারিক কলহের কারণে সাইদুল বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি ভবনের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতে হতাশা প্রকাশ করে একটি আবেগঘন পোস্ট করেছিলেন সাইদুল।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন