
নওগাঁর মান্দা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৬৬৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল মান্দা থানার গনেশপুর সেকিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্বামী-স্ত্রী মিলে তাদের বাড়ির সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছালে সাইদুর রহমান (৪৬) নামে এক ব্যক্তি তার হাতে থাকা একটি কালো পলিথিন ব্যাগ ফেলে পাশের বিলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে ৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় সাইদুর রহমানের স্ত্রী রাশেদা বেগম পালানোর চেষ্টা করলে মহিলা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় একটি ট্রাংকের ভেতর থেকে আরও ২৬৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধারকৃত মোট ৬৬৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে মান্দা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। পলাতক সাইদুর রহমানকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।
মন্তব্য করুন