
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন একটি ময়লার স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) রাতের এ ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দর ফায়ার স্টেশনের সদস্যরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়নি।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে, রাত ৯টা ২৩ মিনিটে বিমানবন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখে। পরে রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগুনটি ময়লার স্তূপে সীমাবদ্ধ ছিল। ফলে যাত্রীসেবা, উড়োজাহাজ চলাচল কিংবা বিমানবন্দরের অন্যান্য কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও পর্যালোচনা শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্য করুন