
২০২৫-২৬ অর্থবছরে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক থেকে অনার্স-মাস্টার্স) একযোগে এমপিওভুক্তির দাবিতে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ রাজধানীতে শিক্ষক সমাবেশ করেছে। সমাবেশে শিক্ষকরা নীতিমালার দ্রুত বাস্তবায়ন এবং আসন্ন অর্থবছরে এমপিওভুক্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আজ সোমবার (৪ মে) সকাল ১০টা হতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ চলছে।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়ক জনাব সেলিম মিয়া এবং আরও উপস্থিত ছিলেন মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুস সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মনিমুল হক ও সমন্বয়ক অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন, সাধারণ সম্পাদক জনাব মেহরাব আলীসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত শিক্ষক প্রতিনিধিরা।
সমাবেশে শিক্ষকরা বলেছেন, স্বীকৃতিপ্রাপ্ত হয়েও বছরের পর বছর বেতন-ভাতা ছাড়া পাঠদান করায় তারা চরম কষ্টে আছেন, তাই অবিলম্বে সরকারি আদেশ প্রয়োজন।
অবিলম্বে, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক থেকে অনার্স-মাস্টার্স) চলতি অর্থবছরে এমপিওভুক্ত করার দাবি তুলেন প্রতিনিধিরা।
জানা যায়, শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পরেও আশ্বাস বাস্তবায়নে দেরি হওয়ায় শিক্ষকরা মাঠ ছাড়ছেন না।
মন্তব্য করুন