
নোয়াখালীর বেগমগঞ্জে আবারও গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। নুর আলম নামে এক ওয়ার্কশপ মালিককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর ভাইয়ের একটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত ১১টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের আশ্বাদ ব্যাপারী বাড়ির মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নুর আলমের দাবি, অসুস্থ ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে রুবেল ও রায়হানসহ কয়েকজন সন্ত্রাসী তাঁদের গতিরোধ করে। একপর্যায়ে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। প্রাণ বাঁচাতে আশ্বাদ ব্যাপারী বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে তাঁর ডান হাতের বাহুতে গুলি লাগে বলে জানান নুর আলম।
গুলিবিদ্ধ অবস্থায় চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক সময়ে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। গত ১৫ দিনে অন্তত ৯ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। চুরি, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, দখলবাজি ও অস্ত্রবাজির অভিযোগে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ।
রাতের বেলায় গুলি ও বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।
তবে পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. সামছুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে। কয়েকজন গুলির শব্দের মতো আওয়াজ শোনার কথা জানিয়েছেন। নুর আলমকে মারধর করা হয়েছে; তাঁর আঘাত গুলির কারণে হয়েছে কি না, তা চিকিৎসকদের পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের দাবি, অভিযুক্ত রুবেল ও রায়হানকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে। একই সঙ্গে ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন