
নওগাঁ সদরের উকিলপাড়া এলাকায় পরিবেশ দূষণ ও বায়ুদূষণ রোধে একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উকিলপাড়ার কাজীর মোড় থেকে ডিবি অফিস সড়ক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহ মোঃ রাশেদ।
জানা যায়, নির্মাণাধীন ভবনসমূহে বালু ও ইটসহ অন্যান্য নির্মাণসামগ্রী ঢেকে না রাখা, উন্মুক্তভাবে রাস্তায় ফেলে রাখা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে যথাযথ নিয়ম না মেনে ভবন নির্মাণ করার অপরাধে ২টি নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২৫ হাজার টাকা জরিমানা ধার্য ও নগদ আদায় করা হয়েছে।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। মোবাইল কোর্ট পরিচালনা ও সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল ব্যাটালিয়ন আনসার নওগাঁর একটি চৌকস দল।
অভিযানের সময় আশেপাশের অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদের বায়ুদূষণ রোধে সতর্ক করা হয় এবং উপস্থিত জনগণকে পরিবেশ সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, পরিবেশ ও বায়ুদূষণ প্রতিরোধে জেলায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন